মিতুর মোবাইল ফোনে এসএমএস পাঠাল কে?

চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দু’দিন পার হলেও শনাক্ত করা যায়নি খুনিদের। উদ্ধার করা যায়নি নিহত মাহমুদা খানম মিতুর মোবাইল ফোনটিও। এ ফোনেই খুনিরা ভুয়া এসএমএস পাঠিয়ে মিতুকে নির্ধারিত সময়ের আগেই ঘর থেকে বের করে এনেছিল বলে সন্দেহ করা হচ্ছে।
নিহত মিতুর মোবাইলটি উদ্ধার করতে না পারায় অনেক প্রশ্নের উত্তর এখনও অজানা তদন্তকারীদের কাছে। গত শনিবার রাতে মিতুর ছেলে মাহিরের স্কুল থেকে এসএমএস দেওয়া হয়।
প্রতিবেশী কয়েকজন নারী জানান, মিতু শনিবার রাতে তাদের সঙ্গে আলাপের সময় বলেছিলেন, স্কুল থেকে এসএমএস দিয়েছে, রোববার স্কুলে সমাবেশ আছে, তাই স্কুলবাস তাড়াতাড়ি আসবে। তবে এ ব্যাপারে মাহিরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের অধ্যক্ষ কর্নেল আবু নাসের মো. তোহা জানান, স্কুল থেকে কোনো এসএমএস পাঠানো হয়নি।
চট্টগ্রামের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে কর্মরত থাকাকালে বাবুল আক্তার জঙ্গি দমন অভিযানে সাহসিকতার জন্য প্রশংসিত হয়েছিলেন। তবে বিভিন্নভাবে হুমকি আসতে থাকায় উদ্বিগ্ন ছিলেন তারা। ওআর নিজাম রোডের ওই বাসা বদলে ফেলার ইচ্ছার কথাও এক প্রতিবেশীকে বলেছিলেন মিতু।
গত রোববার সকালে নগরীর ওআর নিজাম রোডের বাসা থেকে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু। তাকে ছুরিকাঘাত ও গুলি করে জঙ্গি কায়দায় হত্যা করা হয়। 

Comments

Popular posts from this blog

অ্যান্ড্রয়েডে বিলীন হচ্ছে ক্রোম ওএস

মস্তিষ্কের কার্যক্ষমতা বের করার গেম বানালো বাংলাদেশী গেম ডেভেলপার

২৬ প্রযুক্তি প্রতিষ্ঠান যেখানে কর্মীদের গড় বেতন এক লাখ ডলারের বেশি